জাপানে রেকর্ড বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহত ৪

জাপানে রেকর্ড বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহত ৪

ফন্ট সাইজ:

জাপানের টোকিওতে রেকর্ড পরিমাণ ভারি বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে অন্তত চারজন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন। একই সাথে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় রাজধানী টোকিওর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতায় প্রায় সাত হাজার যাত্রী আটকা পড়েছেন। শুক্রবার চিবা প্রিফেকচারের দুর্যোগপূর্ণ এলাকার সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ার পাশাপাশি হাজার হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় চিবা প্রিফেকচারের বিভিন্ন অঞ্চলে ৩৬০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানিতে নিমজ্জিত গাড়ির ভেতর আটকে পড়ে এক ব্যক্তির মৃত্যুসহ মোট চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য সামরিক বাহিনীর সেনাদের মোতায়েন করা হয়েছে। চিবার গভর্নর তোশিহিতো কুমাগাই এই পরিস্থিতিকে অত্যন্ত অস্বাভাবিক ও নজিরবিহীন উল্লেখ করে জানান, তিনি অতীতে বহু দুর্যোগ মোকাবেলা করলেও এমন ভয়াবহ অভিজ্ঞতা আগে কখনো দেখেননি।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২২ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। চিবা শহরের ক্ষতিগ্রস্ত শত শত বাসিন্দা সরকারি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রেল ও সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ থাকায় প্রায় সাত হাজার যাত্রী টার্মিনালে আটকা পড়েন এবং তাদের মধ্যে খাবার, পানি ও কম্বল বিতরণ করা হয়েছে। তবে বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।