নেপালে ফিরলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

গ্রেফতারি পরোয়ানা নিয়েই সক্রিয় হবেন রাজনীতিতে

নেপালে ফিরলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

ফন্ট সাইজ:

নেপালে ফিরেছেন দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসার জন্য অবস্থানের পর বৃহস্পতিবার হংকং হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে তিনি মহারাজগঞ্জের নিজ বাসভবনে ফিরে যান। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তার দলের তিন দিনব্যাপী সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গেছে। ফলে গ্রেফতারি পরোয়ানা নিয়েই রাজনীতিতে সক্রিয় হবেন তিনি। অর্থ পাচারের অভিযোগে গত এপ্রিলে দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেপাল পুলিশ। জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর দেশের অন্যতম হেভিওয়েট এই রাজনীতিককে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হয়। একই সঙ্গে তার পরিবারের দীর্ঘকালীন বিদেশযাত্রা এবং চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে নানা রহস্য ও প্রশ্ন রয়ে গেছে। এ খবর দিয়েছে কাঠমান্ডু পোস্ট।

গত ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার কথা বলে নেপাল ত্যাগ করে সিঙ্গাপুরে যান দেউবা। পরে সেখান থেকে হংকং ভ্রমণ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য এই দীর্ঘ সময় বিদেশে থাকার কথা বলা হলেও, তিনি কী ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন বা কোথায় চিকিৎসা নিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা এবং তাদের পুত্র জয়বীর এখনো নেপালে ফেরেননি এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা ও অবস্থানের বিপুল ব্যয়ের উৎস নিয়েও দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।