সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল নামের জাহাজভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ঘটনার পর পুরো শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ও নিহত শ্রমিকদের পরিচয় এবং বিস্ফোরণের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।