উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে পানি ও কাদামাটি ঢুকে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৩

উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে পানি ও কাদামাটি ঢুকে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৩

ফন্ট সাইজ:

ভারতের উত্তরাখণ্ডের টানেলে হঠাৎ পানি ও কাদামাটির প্রবল ঢল ঢুকে পড়ায় অন্তত ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে এ ঘটনা ঘটে। এতে আরও ৩ জন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

চামোলির পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) নির্মাণাধীন টানেলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করেই প্রবল বেগে পানি ও ভারী ধ্বংসস্তূপ টানেলে প্রবেশ করলে অনেকেই তীব্র স্রোতে টানেলের নির্গমন মুখের দিকে ভেসে যান। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, আকস্মিক এই ঘটনায় উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকে পড়া তিন শ্রমিককে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই আকস্মিক দুর্ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।