২০০৭ সালে মুক্তি পায় ইমরান হাশমির অভিনীত সিনেমা ‘আওয়ারাপন’। যদিও বক্স অফিসে ছবিটি তখন পুরোপুরি ব্যর্থ হয়েছিল। মুক্তির পর সিনেমাটি মাত্র ৭ কোটি রুপি আয় করেছিল। তবে সময়ের সাথে সাথে সিনেমাটি কাল্ট ক্লাসিকের মর্যাদা পায়। দর্শক দীর্ঘদিন ধরে ছবিটির সিক্যুয়েল দেখতে চাইছিলেন। দীর্ঘ ১৯ বছর পর অবশেষে ১৪ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাাপন ২’।
মুক্তির আগেই ছবিটি দর্শকমহলে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ছবিটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মুক্তির আগেই প্রথম পার্টের মোট আয়কে ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি।
ভারতের স্বাধীনতা দিবসে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ও সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’। মুক্তির আগেই শুরু হয়ে গেছে দুই ছবির বক্স অফিস লড়াই। তবে অগ্রিম বুকিংয়ের হিসাবে এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’।
বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার দেওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন ২’। এখন পর্যন্ত ‘আওয়ারাপন ২’ এর প্রায় ৬৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। বিপরীতে সানি দেওলের ‘বাঁটওয়ারা ১৯৪৭’ বিক্রি করতে পেরেছে প্রায় ৩৭ হাজার ৬০০ টিকিট। অর্থাৎ অগ্রিম বুকিংয়ে ইমরানের সিনেমাটি প্রায় ৮১ শতাংশ এগিয়ে রয়েছে। অগ্রিম টিকিট বিক্রির এই হিসাব বলছে, মুক্তির প্রথম দিনেই ভালো ব্যবসা করার মতো শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে ‘আওয়ারাপন ২’। অন্যদিকে সানি দেওলের সিনেমাটিকে বক্স অফিসে ভালো শুরু পেতে প্রেক্ষাগৃহে সরাসরি টিকিট কাটা দর্শকদের ওপর বেশি নির্ভর করতে হতে পারে।
