চোট সমস্যা না থাকলে সেমিতে যেতে পারতাম: লঙ্কান অধিনায়ক

চোট সমস্যা না থাকলে সেমিতে যেতে পারতাম: লঙ্কান অধিনায়ক

ফন্ট সাইজ:

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয় আগেই। পাকিস্তানের বিপক্ষে শনিবার নিজেদের নিয়মরক্ষার ম্যাচটিতেও জিততে পারেনি এবারের সহ-আয়োজকরা। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার মতে, সুপার এইট থেকে বিদায়ের ঘটনার নেপথ্যে দলের চোট সমস্যা। তার দাবি, সতীর্থরা চোটমুক্ত থাকলে অন্তত সেমিফাইনালে জায়গা করতেন তারা।

টানা তিন জয়ে দারুণভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে শ্রীলঙ্কা। তবে এরপর থেকে আর জয়ের মুখ দেখা হয়নি দলটির। গ্রুপ পর্বের শেষ ম্যাচসহ সুপার এইটে টানা তিন ম্যাচ হেরেই স্বপ্নভঙ্গ হয় লঙ্কানদের। পাকিস্তানের বিপক্ষে বিদায়ী ম্যাচ দেখতে এদিন পাল্লেকেলের গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। তবে শেষ ম্যাচেও সমর্থকদের উচ্ছ্বসের কারণ এনে দিতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ২১৩ রানের লক্ষ্যে নেমে নির্ধারিত ওভারে শ্রীলঙ্কা থামে ৫ রান আগেই। শেষ ওভারে ২৮ রানের সমীকরণে শাহিন শাহ আফ্রিদিকে একটি চারের পর টানা তিনটি ছক্কা হাঁকান শানাকা। তবে শেষ ২ বলে ৬ রান নিতে পারেননি তিনি। বলেরই নাগাল পায়নি লঙ্কান অধিনায়কের ব্যাট। ৩১ বলে ২ চার ও ৮ ছক্কায় ৭৬ রানের ইনিংসে অপরাজিত থাকেন তিনি।

বিশ্বকাপ অভিযান শেষ করে স্বাভাবিকভাবে হতাশা ঝড়ে শানাকার কণ্ঠে। ম্যাচের পর পেছনে ফিরে গিয়ে তিনি বলেন, ‘এই অভিযান আমাদের জন্য কঠিন ছিল। আমাদের কিছু চোট সমস্যা ছিল। দর্শকদের হতাশ করেছি। আমরা সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতে চাই। কারণ, দুঃখজনকভাবে কিছু চোট সমস্যার কারণে আমরা মুখ থুবড়ে পড়েছি। নাহলে হয়তো আমরা সেমিফাইনালে যেতে পারতাম।’
বোলিং আক্রমণে লঙ্কানদের অন্যতম ভরসা ও এ সংস্করণে দলের সেরা পারফর্মার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে বিশ্বকাপের একটি ম্যাচ খেলেই ছিটকে যান লঙ্কান অলরাউন্ডার। অন্যদিকে, ডেথ ওভারের আশা মাথিশা পাথিরানার বিশ্বকাপ মিশন শেষ হয় প্রথম তিন ম্যাচ খেলে। এরপর থেকে তো জয়ের মুখই দেখেনি লঙ্কানরা। শানাকার মতে, এ দু’জনের অনুপস্থিতিই ছিল বড় ধাক্কা। লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘দুজন গুরুত্বপূর্ণ বোলারকে হারানো ছিল বড় আঘাত। ওরা থাকলে অবশ্যই এখানে খেলত। আমাদের বড় ক্ষতি হয়েছে। বিশ্বকাপের মতো জায়গায় সেই ক্রিকেটারদের আমাদের অবশ্যই প্রয়োজন, যারা দলের শক্তির জায়গা। এসব মানসিকতারও বিষয়। ওদেরকে হারানো বড় ধাক্কা ছিল। আশা করি, ওরা দ্রুতই ফিরবে এবং শ্রীলঙ্কার জন্য ভালো করবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন