দলবদলে সব শিরোপায় চোখ মোহামেডানের

দলবদলে সব শিরোপায় চোখ মোহামেডানের

ফন্ট সাইজ:

দলবদলের বাজারে অন্যরকম দৃশ্য। যেন নতুন করে প্রাণ ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। গেল কয়েক বছর মতিঝিলের এ ক্লাবটির প্রাঙ্গণে দলবদল নিয়ে উৎসবের আমেজ দেখা যায়নি। সেই মোহামেডান এবার ঢাকঢোল পিটিয়ে দলবদলে অংশ নিয়েছে। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের সরব উপস্থিতিতে জাঁকজমকভাবে দলবদল সেরেছে মতিঝিলপাড়ার ক্লাবটি। গতকাল গোলরক্ষক আনিসুর রহমান জিকুকে দলে নেয় মোহামেডান। এ নিয়ে গত আসরে বসুন্ধরা কিংসে খেলা আট ফুটবলারকে নিজেদের দলে টানলো সাদা-কালোরা।
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে কয়েক দফা দলবদলের সময় বাড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সবশেষ ঘোষণা অনুযায়ী, নতুন মৌসুমকে সামনে রেখে ১৯ই আগস্ট পর্যন্ত দলবদলে অংশ নিতে পারবে ক্লাবগুলো। বাফুফের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের আগেই ঘর গুছিয়ে ফেলেছে মোহামেডান। সবশেষ সাইনিং হিসেবে তারা জিকোকে দলে নেয়। বসুন্ধরা কিংসের হয়ে ছয়বার বিএফএল শিরোপা জেতা জিকু এবার মোহামেডানের দুর্গ সামলানোর দায়িত্বে। মোহামেডানে যোগ দেয়ার পর জিকু বলেন, ‘আসলে মোহামেডান ক্লাবে এসে খুব ভালো লাগছে। এই ক্লাবে খেলার কথা ছিল আরও অনেক আগে, যখন অনূর্ধ্ব-১৯-এ খেলি। বসুন্ধরায় ছিলাম তাই আসা হয়নি। এবার বাবু (আমিরুল ইসলাম) ভাইয়ের সঙ্গে কথা হয় শুরু থেকে। প্রথম চুক্তি আমার সঙ্গেই হতো, দুর্ভাগ্য যে আমি প্রথম দিকে সাইন করতে পারিনি। মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব। মাঠে যদি সবাই এক হয়ে খেলতে পারি, আশা করি ভালো কিছু হবে। আমরা মাঠেই প্রমাণ দিতে চাই এবং মোহামেডানের ঐতিহ্য যেন ধরে রাখতে পারি, সবাই সেই দোয়া করবেন।’

আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞার খড়গে থাকার মাঝে শক্তিশালী দল গড়ে ফেলেছে মোহামেডান। বসুন্ধরা কিংস থেকে মোহামেডানে নাম লিখেয়েছেন সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন, সোহেল রানা জুনিয়র, রিমন হোসেন, মজিবুর রহমান জনি, আনিসুর রহমান জিকো ও বিদেশি ইমানুয়েল সানডে। ক্লাবের বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম মোজাফফরাভকে এই মৌসুমের জন্য ধরে রেখেছে সাদা-কালো শিবির। ২১শে আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এরপর ফেডারেশন কাপের পর আগস্টের শেষদিকে শুরু হবে বাংলাদেশ ফুটবল লীগ।
২০২৬-২৭ ফুটবল মৌসুমের জন্য মোহামেডানের নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা:
গোলকিপার
সুজন হোসেন, আহসান হাবিব বিপু, ইসমাইল হোসেন মাহিন, আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার
রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, ইসমাইল হোসেন, আজিজুল হক অনন্ত, টনি আগাবাজি, রিমন হোসেন, শাহিন আহমেদ, হাফিজুর রহমান বাবু।
মিডফিল্ডার
সোহেল রানা, মিনহাজ আবেদীন বাল্লু, মেহেদী হাসান রয়েল, রহিম উদ্দিন, জুয়েল মিয়া, রাজু আহমেদ, মজিবুর রহমান জনি, শফিউল হোসেন, আমির হাকিম বাপ্পি, কামাল মৃধা, মেহেদী হাসান, আরিফ হোসেন, মোজাফফর মোজাফফরভ, শাহরিয়ার ইমন।
ফরোয়ার্ড
সুলেমান দিয়াবাতে, সৌরভ দেওয়ান, ইমানুয়েল সানডে, ফয়সাল আহমেদ ফাহিম, জয় আহমেদ।