নানা অভিযোগে গত বছর এসএ গেমসের ক্যাম্প থেকে আগের অ্যাডহক কমিটি বহিষ্কার করেছিল স্বর্ণজয়ী তায়কোয়ান্দোকা দীপু চাকমাকে। ঠিক দশ মাস পর আবার নিজ আঙিনায় ফিরছেন এই সোনার ছেলে। তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। নেপাল এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতে লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে ছিলেন তায়কোয়ান্দোকা দীপু চাকমা। সেই দৃশ্য দেখে গর্বে বুক ফুলে উঠেছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাদের।
যখন একটি স্বর্ণপদকের আশায় চাতক পাখির মতো ছিলেন বাংলাদেশের কর্মকর্তা, ঠিক তখনি তায়কোয়ান্দোর পুমসে থেকে সেই কাক্সিক্ষত পদকটি এনে দেন দিপু চাকমা। যেন হাফ ছেড়ে বাঁচেন লাল সবুজের কর্তারা। সেই দীপুকে নিষিদ্ধ করায় হইচই পড়ে গিয়েছিল ক্রীড়াঙ্গণে। কেবল দীপুই নন, নিষিদ্ধ করা সব তায়কোয়ান্দোকারাই আবার ফিরছেন জানিয়ে রানা বলেন, ‘আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর জাতীয় দল গঠন করতে চাই। যাদের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারব।’ এছাড়াও নতুন কমিটির সভায় খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, তৃণমূল পর্যায়ে তায়কোয়ানডোর বিস্তার এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ, নিয়মিত জাতীয় প্রতিযোগিতা আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। নবনিযুক্ত সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সরকারের ক্রীড়া উন্নয়ন নীতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে তায়কোয়ান্দো ফেডারেশন।’
