শেষ পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে অধিক গুরুত্ব দিয়ে ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। বুধবার দেশটির একটি গণমাধ্যমে তা নিশ্চিত করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে। ইন্দোনেশিয়ায় আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর অনুষ্ঠেয় উদ্বোধনী ফিফা আসিয়ান কাপে ভারতের সঙ্গে গ্রুপ এ-তে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ফাইনালও নির্ধারিত ছিল ৩রা অক্টোবর, যেদিন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ভারতের। কল্যাণ বলেন, আমরা আসিয়ান কাপে খেলবো না।
ফিফা ও আয়োজকদের জানিয়ে দিয়েছি। আমরা ব্রাজিল ম্যাচের জন্য প্রস্তুতি নেবো। আন্তর্জাতিক উইন্ডোতে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার নিয়মের কারণে দুটো প্রতিযোগিতায় অংশ নেয়া সম্ভব হয়নি। এআইএফএফ আগে ‘বি’ দল পাঠানোর চেষ্টা করলেও ফিফা তা অনুমোদন করেনি। কয়েকদিন আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, ভারত নাম প্রত্যাহার করলে আয়োজকরা বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারে। বাংলাদেশ আমন্ত্রণ পেলে অংশ নিবে বলে জানিয়েছে বাফুফের একটি সূত্র।
