ক্ষোভে ফুঁসছে ইরান, ইরাকে বিক্ষোভ

ক্ষোভে ফুঁসছে ইরান, ইরাকে বিক্ষোভ

ফন্ট সাইজ:

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ায় ক্ষোভে ফুঁসছে ইরান। একই সঙ্গে নিহত হয়েছেন তার মেয়ে, জামাই ও নাতনি। এছাড়া মোট কমপক্ষে ৪০ জন কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এসব হামলার জবাব দিতে ক্ষোভে ফুঁসছে দেশটি। এরই মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে তারা জবাব দেবেই। এমন অবস্থায় আজ রোববারও ইরান, ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা-পাল্টা হামলা চলছে। আসলে মাঠপর্যায়ে পরিস্থিতি কি তা প্রকৃতপক্ষে বোঝা খুব কঠিন। যুদ্ধে লিপ্ত পক্ষগুলো এ সময় মুখে যে কথা বলে, করে ঠিক তার উল্টো। ফলে কে যে প্রকৃত তথ্য দিচ্ছে তা ঠাহর করা কঠিন। এমনই এক প্রেক্ষাপটে ইসরাাইলের চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে ইসরাইলের বিভিন্ন এলাকায় বিমান হামলার অ্যালার্ম বাজানোর সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, দুবাই শহরে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দোহায় একাধিক বিস্ফোরণ হয়েছে। কাতারের রাজধানী দোহার আকাশে অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে শহরের বাসিন্দারা জানিয়েছেন। ওদিকে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর বাগদাদে বিক্ষোভ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের খামেনি হত্যার ঘটনায় ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা শহরের গ্রিন জোন-এ নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুখোমুখি হয়েছে। আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পতাকা উড়াচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিক্ষোভকারীরা সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রবেশের চেষ্টা করছে। ভিডিওতে আরও দেখা গেছে, কয়েকজন বিক্ষোভকারী গ্রিন জোনের প্রবেশদ্বারের কাছে রাউন্ডঅ্যাবাউটে যানবাহন আটকে দেয়ার চেষ্টা করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন