বার্সেলোনার ডাগআউটে হান্সি ফ্লিকের শততম ম্যাচে দারুণ ফুটবল উপহার দিলো বার্সেলোনা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে সেই উপলক্ষ আরও রাঙালেন লামিন ইয়ামাল। শনিবার শেষমুহূর্তে জাল খুঁজে নিলেন রবার্ট লেভানদোভস্কিও। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার জয় ৪-১ গোলে।
ক্যাম্প ন্যুতে ২৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ইয়ামাল। এর নয় মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এ স্প্যানিশ তরুণ। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা। মাঠে ফিরে মিনিট চারেকের মধ্যে ব্যবধান কমান পাপ গেয়ি। ম্যাচের ৬৯তম মিনিটে হ্যাটট্রিক গোলটি করেন ইয়ামাল। লা লিগায় চলতি মৌসুমে এটি ছিল তার ১৩তম গোল। ১৬ গোল করে দুইয়ে মায়োর্কার ভেদাত মুরিকি। ২৩ বার জাল খুঁজে নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে কাতালানদের শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা লেভা।
অন্য ম্যাচে, রিয়াল ওভিয়েদোর মাঠে থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদও। আগামী ৩রা মার্চ কোপা দেল রে বা স্প্যানিশ কাপের সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই জায়ান্ট ক্লাব। প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে ৪-০ গোলের হারে বড় ব্যবধানে পিছিয়ে বার্সা।
