বেলুচিস্তানে পাক বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ২১

বেলুচিস্তানে পাক বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ২১

ফন্ট সাইজ:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে নিউজ ১৮।

শীর্ষ গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, বেলুচিস্তানের সুরাব ও গোয়াদারে পাক বাহিনীর বিমান হামলায় অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

চলতি মাসে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করে যে তারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৩২ জন সদস্যকে হত্যা করেছে। বিএলএ’র এমন দাবির পরেই প্রদেশটিতে বিমান হামলা চালালো পাক বাহিনী।

সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পাক বাহিনীর বিমান হামলার মধ্যেই বিএলএ অন্তত ছয়টি স্থানে পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানের পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রিপোর্ট, বিএলএ মধ্যরাতে ছাগাই জেলায় একটি পুলিশ স্টেশন গুঁড়িয়ে দিয়েছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত তিন জন সদস্য নিহত হয়েছে। এ ছাড়া ঝাওতে পাকিস্তানি সামরিক বাহিনীর ক্যাম্পে, খুজদার আরসিডি হাইওয়েতে নিরাপত্তা বাহিনীর কনভয়, ওয়াদাতে সামরিক বাহিনীর গাড়ি হামলার শিকার হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে বেলুচিস্তানে সশস্ত্র হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এদিকের এরই মধ্যে জল্পনা চাউর হয়েছে যে, বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তানকে আলাদাভাবে স্বাধীন ঘোষণা করেছে।