টম ক্রুজ তার প্রেমে পড়েছেন, দাবি মল্লিকা শেরাওয়াতের

টম ক্রুজ তার প্রেমে পড়েছেন, দাবি মল্লিকা শেরাওয়াতের

ফন্ট সাইজ:

গত একদশকেরও বেশি সময় ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা নেই মল্লিকা শেরাওয়াতের। একসময়ে সাহসী দৃশ্য আর যৌন আবেদনে বলিউডের পর্দায় ঝড় তুলতেন। তবে পরবর্তীতে মার্কিন মুলুকে চলে যান নায়িকা। হলিউডে দু’-একটা ‘ফ্লপ’ ছবি ছাড়া সেরকম হিল্লে করতে না পারলেও পঁচিশ সালে হোয়াইট হাউসের ক্রিসমাস পার্টিতে যোগ দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মল্লিকা। যা দেখে অনেকেরই ভ্রু-যুগল আন্দোলিত হয়েছিল! তবে এবার বলিউডে নায়িকা যা দাবি করলেন তাতে সরগরম নেটভুবন। মল্লিকা জানান, টম ক্রুজের নাকি তার উপর দুর্বলতা রয়েছে! আর অভিনেত্রীর এহেন দাবিতেই বর্তমানে হুলুস্থুল কাণ্ড!‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় মৌসুমের হাত ধরে সম্প্রতি ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন ঘটেছে মল্লিকা শেরাওয়াতের।

যেখানে মুনাওয়ার ফারুকী, শ্বেতা তিওয়ারি, রণবীর ব্রার, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডি’সুজা, দালিপ তাহিল, পারুল গুলাটিদের মতো তারকাদের সঙ্গে হলিউড ফেরত অভিনেত্রীকেও দেখা যাচ্ছে। আর সেখানেই মল্লিকা জানান যে, কিংবদন্তি হলিউড তারকা টম ক্রুজ তাকে ভিডিও ইনবক্স করার পাশাপাশি বেশ পছন্দও করেন। ‘দ্য ট্রেইটরস’-এর আরেক প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ আসলে মল্লিকাকে জিজ্ঞেস করেছিলেন যে, তোমার কি কখনও কারও প্রতি ভালো লাগা বা ক্রাশ তৈরি হয়েছে? নাকি এযাবৎকাল সকলে তোমার প্রেমেই পড়েছে? তার উত্তরেই মল্লিকা শেরাওয়াত জানান, সকলেই আমার প্রেমে পড়েছে। ইদানিং, টম ক্রুজও আমার প্রেমে পড়েছেন। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। আমার কাছে এখন ফোন থাকলে ওঁর পাঠানো ভিডিওগুলো তোমাদের দেখাতে পারতাম।

টম ক্রুজ কী ধরনের ভিডিও পাঠান? এহেন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও মল্লিকার সংযোজন, না, আসলে আমরা যখন একসঙ্গে পার্টি করতাম সকলে, তখন… উনি সত্যিই অসাধারণ মানুষ। মল্লিকার এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটভুবনের প্রশ্ন, হলিউডে নিদেনপক্ষে একটাও হিট নেই, আর টম ক্রুজের মতো কিংবদন্তি তারকা আপনার প্রেমে পড়েছে, সেটা কতটা বিশ্বাসযোগ্য? যদিও হলিউড অভিনেতা কিংবা তার টিমের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি, তবে মল্লিকা শেরাওয়াতের দাবিতে সরগরম নেটপাড়া। আগামী ১৩ আগস্ট থেকে ‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় মৌসুমের স্ট্রিমিং শুরু হবে, তার প্রাক্কালেই প্রচারঝলকে কৌতূহল, উন্মাদনার পারদ চড়িয়েছেন মল্লিকা।