ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে বদরুন্নাহার সীমা (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পঙ্গুয়াই পশ্চিমপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বদরুন্নাহার তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই পশ্চিমপাড়া এলাকার বকুল মিয়ার মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ই আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তারাকান্দা থানার ওসি আবদুর রাশিদ জানান, গত ১০ই আগস্ট প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। ওসি বলেন, যে পুকুরে তার মরদেহ পাওয়া গেছে, সেখানে ডুবে মারা যাওয়ার মতো পানি ছিল না। বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
