কলমাকান্দায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মুয়াজ মিয়া (১৮ মাস) ও তাসকিন তারেক (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি ও পোগলা ইউনিয়নের শুনই গ্রামে এ দু’টি ঘটনা ঘটে। মুয়াজ মিয়া রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজীব মিয়ার ছেলে। তাসকিন তারেক পোগলা ইউনিয়নের শুনই গ্রামের টিটু মণ্ডলের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল মুয়াজ। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তাসকিন তারেকের পরিবারের সদস্যরা জানান, তাসকিন ঘরে বসে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানির একটি গর্তে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দু’টি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
