কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট, সড়ক দুর্ঘটনা ও সাপের দংশনে গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেনÑ মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুরের মৃত কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) ও গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আল জাবির অভি (২২)। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার বাসন্ডা গ্রামের বিলকিছ আক্তার বাড়িতে তারে রোদে কম্বল শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সামছুল গুরুতর আহত হন। স্থানীয়রা লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপরদিকে, মঙ্গলবার রাতে গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে হাঁটার সময় বিষাক্ত সাপের দংশনে আহত হন আল জাবির অভি। এরপর বাড়িতে এসে অসুস্থতাবোধ করলে স্বজনদের বিষয়টি অবহিত করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, হাসপাতালে আনার আগেই বিলকিছ ও সামছুল মৃত্যুবরণ করেন। এ ছাড়া, সাপের দংশনে আহত অভিকে কুমিল্লা মেডিকেলে পাঠানোর পর মৃত্যুর খবর শুনেছি।
