ইরানি হামলায় ইসরাইলে নিহত ১, আহত ১২১

ফন্ট সাইজ:

 ইসরাইলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ইরানের হামলায় এ পর্যন্ত এক ইসরাইলি নারী নিহত হয়েছেন এবং আরও ১২১ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের আঘাত সামান্য। ইসরাইলের ওপর ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত বা ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব এবং জেরুজালেমের পশ্চিমে অবস্থিত শহর বেইত শেমেশে আঘাত হানতে সক্ষম হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের উত্তরের শহর কালকিলিয়ার কাছেও ধাতব টুকরো পড়েছে। এটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ নাকি প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের অংশ- তা নিশ্চিত নয়। টুকরোটি একটি অবৈধ ইসরাইলি বসতির দিক থেকে সরে গিয়ে ফিলিস্তিনি এলাকার কাছাকাছি পড়ে। এ খবর দিয়ে আল জাজিরার সাংবাদিক নিদা ইসলাম বলেন- আমরা জানি, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ইসরাইলিদের সুরক্ষার জন্য নির্মিত- যদিও তারা অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতিতে বসবাস করে। কিন্তু ফিলিস্তিনিদের জন্য কোনো সুরক্ষা দেয় না। তাই প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি বসতি থেকে সরিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ঠেলে দিতে পারে। শনিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলের বেইত সাহুর শহরে এক ফিলিস্তিনি আহত হয়েছেন।
এটি ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ। কিন্তু ফিলিস্তিনিরা রয়েছেন সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় এবং সামরিক দখলদারত্বের মধ্যে বসবাস করছেন। দিনভর ইসরাইলি বাহিনী হেবরনের কাছে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ইসরাইলে পড়ার মধ্যেও ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন