কক্সবাজারের উখিয়ার থাইংখালী থেকে অপহৃত দুই সহোদর শিশুকে প্রায় এক মাস পর কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশু হলো, থাইংখালী এলাকার দিনমজুর শাহ আলমের ছেলে শহীদুল (১৩) ও শফিকুল (১১)। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১০ই জুলাই সকাল সাড়ে ৯টার দিকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু দুটি। কয়েকদিন পর ইন্টারনেট নম্বর থেকে তাদের বাবার কাছে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
দিনমজুর বাবার পক্ষে এত টাকা দেয়া সম্ভব না হওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তায় পড়ে। শিশু দুটিকে উদ্ধারে উখিয়া থানা ও কক্সবাজার জেলা পুলিশ অভিযান ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। পাশাপাশি র্যাব-১৫, ডিজিএফআই, এনএসআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় টেকনাফ থেকে কক্সবাজার শহর পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, শুরু থেকেই আমরা র্যাব-১৫, ডিজিএফআই, এনএসআইসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করেছি।
টেকনাফ থেকে কক্সবাজার সদর পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় চিরুনি অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকা থেকে দুই শিশুকে বিনা মুক্তিপণে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের মা-বাবার বুকে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ওসি আরও বলেন, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধারের পর প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষে শিশু দুটিকে তাদের বাবা শাহ আলমের কাছে হস্তান্তর করা হয়েছে।
