ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফন্ট সাইজ:

বাগেরহাটে ডাক্তারের অপচিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেনÑ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. মো. ফারুকুজ্জামান, এনেস্থেসিয়া বিভাগের ডা. মো. এসকেন্দার। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে বাগেরহাট পৌর শহরের পুরাতন বাজার এলাকায় পলি ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশন চলাকালীন থিয়েটারেই নাসিমা আক্তার (২০) নামের এক রোগী মারা যায়। নিহত নাসিমা আক্তার জেলার কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামের সমান হাওলাদারের স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত ৪টার দিকে অপরাশেন থিয়েটারেই নাসিমা আক্তার মারা যায়। বিষয়টি নিয়ে রোগীর স্বজনরা ক্লিনিকের সামনে ও ভেতরে ক্ষোভ জানিয়ে প্রতিবাদ জানায়। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারকে প্রতিবাদ ও অভিযোগ না করার জন্য লোক মারফত টাকা দেয়ার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত নিহতের পরিবারের সদস্যরা কোনো প্রকার লিখিত অভিযোগ না দিয়েই দুপুরের দিকে লাশ বাড়িতে নিয়ে যায়। এর আগেও ওই ক্লিনিকে অপচিকিৎসায় অনেক রোগী নিহত ও জটিল সমস্যায় পড়েছেন বলে স্থানীয়রা জানায়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মাহাবুবুল আলম বলেন, পলি ক্লিনিকে অস্ত্রোপচারের এনেস্থেসিয়া টিমে যার থাকার কথা, সেই ডা. জাহিদ হোসেন দাবি করেছেন, তিনি ওইদিন ক্লিনিকে ছিলেন না। এ ছাড়া, সেখানে দায়িত্বপ্রাপ্ত ডিউটি ডাক্তারও ছিলেন না। ওই ক্লিনিকে নার্সের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। প্রশিক্ষিত জনবলের ঘাটতি রয়েছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।