অবৈধ সিগারেট কারখানায় অভিযান কোটি টাকার নকল শলাকা জব্দ

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়েছে দৌলতপুর উপজেলা প্রশাসন। এসময় ২০ লাখ নকল শলাকা ও সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা। এ সময় সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবিব মাস্টারের ফার্মে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ‘নেভি, ডার্বি ও রয়েল’ ব্র্যান্ডের প্রায় ২০ লাখ শলাকা, নকল সিগারেটসহ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা অবৈধ মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। নকল সিগারেট তৈরির কারখানার গোডাউনের মালিক হাবিবুর রহমান ওরফে হাবিব মাস্টার জানান, তিনি জয়রামপুর এলাকার শাকিল ও বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেন নামে দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় গোডাউনটি ভাড়া দিয়েছিলেন। সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল এ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন।

তিনি জানান, আমি একজন স্কুলশিক্ষক। স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ওই দিকে খুব একটা যাওয়া হয় না। হাবিব মাস্টার আরও জানান, এর আগেও র‌্যাব ও কাস্টমসের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছিল। পরে সেটি আবার চালু করা হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস বলেন, আগের অভিযানের কারখানাটি সিলগালা করা হলেও পরবর্তীতে মালিকপক্ষ আদালতে মামলা করে সেটি পুনরায় চালু করে। নকল সিগারেট কারখানায় অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।