চট্টগ্রাম বন্দরের নৌ-চলাচল চ্যানেলে জাল পেতে মাছ ধরার কারণে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। আগামী ১৭ই আগস্টের মধ্যে চ্যানেলগুলো থেকে সব ধরনের মাছ ধরার জাল অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় জাহাজ চলাচল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি ও হুঁশিয়ারি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আফছার হোসেন চৌধুরী।
চিঠিতে বলা হয়েছে, পতেঙ্গা জেলেপাড়া থেকে পারকি বিচ, শিপ চ্যানেল আলফা থেকে কুতুবদিয়া এবং সি বিচ থেকে ভাসানচর পর্যন্ত বিভিন্ন নৌপথে জেলেরা দীর্ঘদিন ধরে জাল পেতে মাছ শিকার করছেন। এতে লাইটার জাহাজসহ বিভিন্ন নৌযানের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। সংগঠনটির অভিযোগ, জাহাজ চলাচলের সময় এসব জাল অনেক ক্ষেত্রে জাহাজের পাখায় জড়িয়ে যায়। এতে নাবিকদের ঝুঁকির পাশাপাশি নৌযান পরিচালনায়ও সমস্যা দেখা দিচ্ছে। লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে চ্যানেল থেকে জাল অপসারণ না হলে নৌযান চলাচল বন্ধের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ কেফায়েত হামিম বলেন, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের চিঠিটি তিনি এখনো হাতে পাননি।
