নিখোঁজের ৫ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ৫ দিন পর মোহাম্মদ মেহেদী হাসান (১৮) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মেহেদী হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্বজনরা জানান, পাঁচ দিন আগে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর মেহেদীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বুধবার আটিয়াবাড়ীর একটি পরিত্যক্ত বাড়ির বাগানে তার লাশ পাওয়া যায়। পরে স্বজনরা লাশটি শনাক্ত করেন। সরজমিন দেখা যায়, বাগানে পড়ে থাকা লাশটির শরীরের একাংশ পোড়া অবস্থায় রয়েছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। মেহেদীর মৃত্যু কীভাবে হয়েছে, তার শরীরের একাংশ পোড়া কেন এবং নিখোঁজের পর তিনি কীভাবে আটিয়াবাড়ীতে গেলেন, এখনো এসব প্রশ্নের উত্তর মেলেনি। তার অটোরিকশাটিরও তাৎক্ষণিক কোনো সন্ধান পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানা যাবে।