এলজিআরডি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

এলজিআরডি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

ফন্ট সাইজ:

ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়ন নিয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান ও সেক্রেটারি আনোয়ারুল হক কাজলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। এর আগে এলজিআরডি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুর বিভাগের ১১ জন জামায়াতের সংসদ সদস্য সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার রাতে রংপুর জেলা পরিষদ মিলনায়তনে রংপুর-৩ আসনে এমপি মাহবুবুর রহমান বেলাল সংবাদ সম্মেলনে বলেন, এলজিআরডি মন্ত্রী আমাদের এ অঞ্চলের অভিভাবকতুল্য প্রাজ্ঞ রাজনীতিবিদ। তিনি কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে বলেছেন রংপুরের মানুষ বিএনপিকে ভোট না দিয়ে জাতীয় পার্টিকে দেয়, জামায়াতকে ভোট দেয়। তাহলে আপনাদের এলাকার উন্নয়ন কীভাবে হবে। রংপুরের মানুষের সচেতনতার অভাব রয়েছে। প্রথমত এলজিআরডি মন্ত্রী রংপুরের মানুষকে অসচেতন বলে অসম্মান করেছেন।

একটিই দলকে ভোট দেয়া গণতান্ত্রিক চেতনা না। মানুষ ভোট দেবে স্বেচ্ছায়-স্ববিবেচনায়। এখানে নির্দিষ্ট দলকে ভোট দিতে বললে তো গণতন্ত্র থাকলো না। তাহলে এক দলীয় শাসনব্যবস্থা হতো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নীলফামারীর এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার, ওবায়দুল্লাহ সালাফি, আল ফারুক আব্দুল লতীফ, আব্দুল মুনতাকিম, গাইবান্ধার এমপি মাজেদুর রহমান, আব্দুল করিম সরকার, মাওলানা আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, রংপুরের এমপি রায়হান সিরাজী ও অধ্যাপক গোলাম রব্বানী।