খুলনায় সংবাদপত্র অফিসে হামলাকারীদের গ্রেপ্তার দাবি

খুলনায় সংবাদপত্র অফিসে হামলাকারীদের গ্রেপ্তার দাবি

ফন্ট সাইজ:

স্থানীয় দৈনিক প্রবাহ অফিসে হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর শিববাড়ী মোড়ের অদূরে টাইগার গার্ডেন হোটেল সংলগ্ন প্রবাহ ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। প্রবাহ পাঠক ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে বক্তারা বলেন, গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোনো ঘটনা নয়, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত। প্রবাহ অফিসে হামলা এবং স্টাফকে মারধরের ঘটনায় দায়েরকৃত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
বক্তারা বলেন, একের পর এক খুন ও গুলির ঘটনায় খুলনা অনিরাপদ হয়ে উঠেছে।

মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। এমনকি কয়েকদিন আগে নগরীর জাতিসংঘ শিশু পার্ক এলাকায় ৪ সাংবাদিককে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটলেও কোনো আসামি ধরা না পড়ায় সর্বশেষ প্রবাহ অফিসে হামলার ঘটনা ঘটেছে। বক্তারা অবিলম্বে প্রবাহ ভবনের পেছনের বস্তি উচ্ছেদ করে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে খুলনার পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক প্রবাহ পাঠক ফোরাম ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র খুলনা জেলা সভাপতি এডভোকেট কুদরত-এ-খুদা, প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে’র) খুলনা সভাপতি মো. রাশিদুল ইসলাম ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল।