শ্যামনগরে জেল পলাতক দুই আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মোজাম গাজী (৪৯) ও রফিকুল ইসলাম গাজী (৩৮) ছিলেন সাতক্ষীরা কারাগারে। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই কারাগার থেকে পালিয়ে নিজ নিজ গ্রামে ফেরেন তারা। সেখানে কৌশলে জীবনযাপন করছিলেন এই দুই পলাতক আসামি।
মঙ্গলবার রাতে পৃথক অভিযানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি ও নওয়াবেঁকী এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাম গাজী উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ও রফিকুল ইসলাম গাজী উপজেলার নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে।

পুলিশ জানায়, জেল পলাতক আসামি মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজায় সাতক্ষীরা কারাগারে ছিলেন। আরেক আসামি রফিকুল ইসলামও চেক ডিজঅনারের মামলায় ১০ মাসের সাজা ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়েছিল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ১৫ই আগস্ট মামলা করে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৬ বন্দি বিভিন্ন সময়ে আটক হলেও ৪১ বন্দি গত দুই বছর ধরে নিখোঁজ ছিলেন। এর মধ্যে পলাতক দুই বন্দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।