চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড দেয়া হয়। বুধবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় ডেভিড ইমনের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২রা আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত অন্য একটি মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, হাটহাজারী থানার চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে। পুলিশ জানায়, গত ২৯শে জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ই জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ৩০শে জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দু’টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
