বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ ইউএনও’র কক্ষে লাথি-ভাঙচুর

বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ ইউএনও’র কক্ষে লাথি-ভাঙচুর

ফন্ট সাইজ:

নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে গিয়ে ইউএনও’র কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনও’র কক্ষের দরজায় লাথি দেন এবং অফিসের সামনের ফুলের টব ও চেয়ার ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের সুযোগ দেয়া হয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে বলে দাবি করেন তারা। তারা প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান।

ঘটনাস্থলে পৌর বিএনপি’র সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পাকা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্নাসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ মোতায়েন করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।