সিলেটে এবার পুরস্কৃত হলেন মিফতাহ সিদ্দিকী

সিলেটে এবার পুরস্কৃত হলেন মিফতাহ সিদ্দিকী

ফন্ট সাইজ:

সিলেটে এবার পুরস্কৃত হলেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তাকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে সিটি প্রশাসক হয়েছিলেন জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী হয়েছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়Ñ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ২০২৬ এর ধারা ৭(১) অনুযায়ী, মিফতাহ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হইলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মিফতাহ সিদ্দিকী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি ইতিমধ্যে সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব এবং সিলেট মহানগর বিএনপি সভাপতির দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। বিএনপি’র মেধাবী নেতা মিফতাহ সিদ্দিকী বর্তমানে পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ ও হলি সিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সিলেট নগরীতে দীর্ঘদিন থেকে সুপেয় ও খাবার পানির তীব্র সংকট রয়েছে। সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার থেকে এই পদে মনোনয়ন দিয়েছে। সিলেট ওয়াসা বোর্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলেও ব্যবস্থাপনা পরিচালক পদে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি। সাধারণত সরকারের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।