হাতিয়ায় ৫টি মাছধরা ট্রলার ডুবি ৪৮ জেলে উদ্ধার

ফন্ট সাইজ:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাঁচটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারের সকল মাঝি-মাল্লা জীবিত উদ্ধার হলেও ট্রলারগুলো সাগরে তলিয়ে গেছে। বুধবার সকালে নিঝুমদ্বীপ-এর কাছাকাছি বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে তিনটি উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের এবং বাকি দু’টি চরফেশন এলাকার।

আমতলী ঘাটের তিনটি বোটের মাঝিরা হলেন, নাসির উদ্দিন, জহির উদ্দিন ও জাহেদ উদ্দিন। জহির মাঝির ট্রলারের মালিক লুৎফুল্লাহিল নিশান জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠে। এতে নিঝুমদ্বীপের কাছাকাছি ট্রলারগুলো দুর্ঘটনার কবরে পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া মাঝি মাল্লারা তীরে উঠে আসে। নাসির মাঝির ট্রলারটি এখনো নদীতে ভাসতেছে এবং তা উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, দুর্ঘটনায় আমতলী ঘাটের তিনটিসহ চরফ্যাশন এলাকারও দু’টি ট্রলার রয়েছে। এ বিষয়ে নিঝুম দ্বীপ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুর রহমান জানান, দুর্ঘটনার কবলে পড়া ৪৮ জন জেলে সবাই জীবিত উদ্ধার হয়েছে। তবে ট্রলারগুলো ভেসে ওঠার খোঁজ পেলে উদ্ধারের ব্যবস্থা করা হবে।