ঠিকাদারি ও আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। দাবি আদায় না হলে দেশের সব রিজিয়নে সর্বাত্মক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার দুপুরে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বিএটিবি’র কার্যালয়ের সামনের প্রধান সড়কে তারা এ কর্মসূচি পালন করে। বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা বিভিন্ন দাবিতে সেøাগান দেন। এ সময় ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংগঠনের নেতারা জানান, ২০১০ সাল থেকে দীর্ঘ ১৬ বছর ধরে তারা বিএটিবি’র মাঠপর্যায়ের বিভিন্ন স্থায়ী প্রকৃতির কাজ করে আসছেন। এর মধ্যে তামাকচাষি নির্বাচন, চুক্তি সম্পাদন, বীজ ও সার বিতরণ, মাঠ পর্যবেক্ষণ, তামাক সংগ্রহ এবং কোম্পানির বিভিন্ন তথ্য প্রযুক্তিভিত্তিক অ্যাপ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তারা।
শ্রমিকরা বলেন, ঠিকাদারি প্রথার ‘আধুনিক দাসত্ব’ থেকে মুক্তি পেয়ে বিএটিবিতে সরাসরি স্থায়ী নিয়োগ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। চলমান কর্মবিরতির মধ্যেই সমস্যার সমাধান না হলে দেশের সব রিজিয়নে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় মাঠপর্যায়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে এর দায় বিএটিবি কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সদস্য গিয়াস উদ্দিনসহ অন্য নেতাকর্মী ও শ্রমিকরা বিক্ষোভে উপস্থিত ছিলেন।
