ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আর সেই স্কোয়াডে দেখা গেছে বেশ কয়েকটি চমক। তিন বছর পর জাতীয় টেস্ট দলে ফিরলেন নিরোশান ডিকওয়েলা ও দিলশান মাদুশাঙ্কা। দলে জায়গা পেয়েছেন অনভিজ্ঞ অফ স্পিনার কেশারা নুওয়ান্থাও। আছেন টপ-অর্ডার ব্যাটসম্যান পাসিন্দু সুরিয়াবন্দারা, যিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, কব্জির অস্ত্রোপচার থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন টপ অর্ডার ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা। হ্যামস্ট্রিং চোটে থাকা কুশল মেন্ডিসকেও রাখা হয়নি দলে। নিসাঙ্কার অনুপস্থিতিতেই মূলত দলে জায়গা ধরে রেখেছেন সুরিয়াবন্দারা।
সবশেষ টেস্টে ওপেন করা নিশান মাদুশকা ও লাহিরু উদারা এবারও ইনিংস উদ্বোধন করতে পারেন। ঘরের মাঠের সিরিজের জন্য চারজন বিশেষজ্ঞ পেসার নিয়েছে শ্রীলঙ্কা। পঞ্চম সিমার হিসেবে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মিলান রত্নায়েকে। আসিথা ফার্নান্দোর একাদশে থাকা প্রায় নিশ্চিত। তবে বিকল্প হিসেবে দলে আছেন লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো ও মাদুশাঙ্কার মতো পেসাররাও। স্পিন আক্রমণে ভরসা রাখা হয়েছে বাঁহাতি প্রবাথ জয়াসুরিয়া, অনভিজ্ঞ নুওয়ান্থা ও রমেশ মেন্ডিসের ওপর। দলে আছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সোনাল দিনুশাও। ব্যাটিংয়ে যথারীতি ভরসা দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার ওপর। তিন, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে চান্ডিমাল, কামিন্দু ও ধনঞ্জয়ার ব্যাট করার সম্ভাবনাই বেশি। জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন দিনুশা, রমেশ মেন্ডিস ও রত্নায়েকে। ডিকওয়েলা সম্ভবত ব্যাট করবেন ছয় বা সাত নম্বরে। ২৫ বছর বয়সী নুওয়ান্থা সাম্প্রতিক সময়ে বেশ নজর কেড়েছেন। গত মাসে গলে ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ১৫৯ রানে নেন ৫ উইকেট। গত সপ্তাহে কলম্বোয় ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নেন ৯৭ রানে ৩ উইকেট। তবে ঘরোয়া ক্রিকেটে এখনো বেশ অনভিজ্ঞ তিনি—মাত্র ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৬৪ উইকেট।
শ্রীলঙ্কার ঘোষিত টেস্ট স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), লাহিরু উদারা, নিশান মাদুশকা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, পাসিন্দু সুরিয়াবন্দারা, সোনাল দিনুশা, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, কেশারা নুওয়ান্থা, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা।
ভারত সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দলে চমক
তিন বছর পর ফিরলেন ডিকওয়েলা-মাদুশাঙ্কা
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১২ আগস্ট (বুধবার), ২০২৬, ৬ঃ৫০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
