এসএসসি পরীক্ষার ফলাফলে দাউদকান্দিতে সাফল্যের শীর্ষে রয়েছে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির পাসের হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ। এ বছর বিদ্যালয়টির ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর সঙ্গে ভোকেশনাল শাখায় জিপিএ-৫ পেয়েছে আরও ৬ জন। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৪ দশমিক ৪২ শতাংশ।
ফল প্রকাশের পর মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সাফল্য উদ্যাপন করা হয়। ড্রামের তালে গান, বিজয়ের স্লোগান ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয়। পরে শিক্ষার্থীরা আনন্দ র্যালি বের করে।
ফল প্রকাশের পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সাফল্য উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অ্যাডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার, প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, কমিটির সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতিও তারা ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অতিথিরাও শিক্ষার্থীদের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এবারের ফলাফল আনন্দের হলেও এখানেই থেমে গেলে চলবে না। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবাইকে ধারাবাহিকভাবে পরিশ্রম করতে হবে। ভবিষ্যতে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সাত্তার বলেন, তারা ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। কেউ দেশের বড় কোনো প্রতিষ্ঠানে, আবার কেউ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারে। নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি যে শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গড়ে তুলেছে, সেই দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সুনামও ধরে রাখতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিভিন্ন উৎসাহব্যঞ্জক স্লোগান দেন।
প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা কোনো ধরনের অসদুপায় অবলম্বন বা নকলের আশ্রয় না নিয়ে নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ ফলাফল অর্জন করেছে। এ সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত সহযোগিতা রয়েছে। তিনি এ সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক ও উপস্থিত অতিথিরাও উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পাশাপাশি আগামীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার এবং সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানানো হয়।
পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান অ্যাডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার ও প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। গান, স্লোগান, শপথ ও আনন্দ র্যালিতে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আনন্দ আয়োজন শেষে অ্যাডহক কমিটির সভাপতি আবদুস সাত্তার শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। আগামীতে সাফল্যের এ ধারা অব্যাহত রেখে শতভাগ পাসের হার অর্জনের লক্ষ্যে আরও পরিকল্পিত ও সমন্বিত প্রচেষ্টা চালানোর বিষয়ে আলোচনা হয়।
