চুয়েটের পুকুরে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত দেব। তাদের দুজনের বাড়িই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে চমক ও শান্ত কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তারা পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে আশপাশের শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধারে পুকুরে নামেন। প্রায় ১০ মিনিটের চেষ্টায় চমককে উদ্ধার করা সম্ভব হলেও শান্তকে খুঁজে পেতে আরও সময় লাগে। প্রায় ৪০ মিনিট পর তাকেও উদ্ধার করা হয়। পরে দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাত্র দুই সপ্তাহ আগেও একই পুকুরে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা।