ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতা অভিযোগ ওঠার পর তাদের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ। বুধবার পৃথক দুটি নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে হল প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ।
তিনি জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের বিষয়ে হল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাদের হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এর আগে গত ৩০শে জুলাই সমকামিতায় জড়িত থাকার অভিযোগে মাস্টারদা সূর্য সেন হলের এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে তার আবাসিক সিটও স্থায়ীভাবে বাতিল করে হল কর্তৃপক্ষ।
এ ছাড়া সম্প্রতি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের এজিএসের কক্ষে অবস্থানরত দুই অতিথির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর হল কর্তৃপক্ষ এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করে।
