মার্কিন রণতরীতে ব্যাপক সংঘর্ষ, ৭ সেনা নিহত

ইরানি মিডিয়ার দাবি

মার্কিন রণতরীতে ব্যাপক সংঘর্ষ, ৭ সেনা নিহত

ফন্ট সাইজ:

দীর্ঘদিনের মোতায়েনকে কেন্দ্র করে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে সহিংস সংঘর্ষে সাতজন মার্কিন নৌসদস্য নিহত হয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও কয়েকজন। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজটির নাবিকদের মধ্যে চাপ ও অসন্তোষ বাড়ছে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইরানি মিডিয়া।

সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে ক্রুদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকায় তাদের পরিবারের সদস্যরা প্রতিবাদ করেছেন। এর পরিপ্রেক্ষিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা নৌবিমানবাহী রণতরীটিতে যান।
সূত্রটির দাবি, জাহাজে থাকা নৌসদস্যদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেয়া হয় এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ক্রুদের নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ওই সূত্রের দাবি, সংঘর্ষে সাতজন নৌসদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরও ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে একটি ‘নৌ অবরোধ’ কার্যকর করাই জাহাজটির প্রধান মিশন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ ছাড়া রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে, যা আধুনিক যুগে কোনো মার্কিন বিমানবাহী রণতরির সবচেয়ে দীর্ঘ একটানা সমুদ্র মোতায়েন বলে দাবি করা হয়েছে।
তবে সাত মার্কিন নৌসদস্য নিহত হওয়ার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। অন্যদিকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।