নতুন ঠিকানায় শমিত সোম

নতুন ঠিকানায় শমিত সোম

ফন্ট সাইজ:

ক্লাব বদলালেন, তবে গল্পটা যেন আরও রঙিন হয়ে উঠল। বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম এবার যোগ দিলেন এমন এক ক্লাবে, যার নামের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বফুটবলের অন্যতম রোমান্টিক এক অধ্যায়-নিউ ইয়র্ক কসমস। যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ ইউএসএল লিগ ওয়ানে খেলা ক্লাবটির সঙ্গে চলতি মৌসুম পর্যন্ত চুক্তি করেছেন তিনি, সঙ্গে রয়েছে নবায়নের সুযোগও।

কানাডার ক্যালগেরিভিত্তিক ক্লাব ক্যাভালরি এফসিতে গত তিন বছর কাটিয়েছেন শমিত। সব প্রতিযোগিতা মিলিয়ে সেখানে খেলেছেন ৭৯ ম্যাচ, জিতেছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগ শিরোপাও। জানুয়ারিতে চুক্তি ফুরানোর পর থেকে নতুন গন্তব্য খুঁজছিলেন এই মিডফিল্ডার, অবশেষে যার সমাপ্তি ঘটল ঐতিহাসিক কসমসের জার্সিতে।

নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সত্তরের দশকের এক মহাতারকার ছবি—পেলে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এই ক্লাবেই খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, সঙ্গী ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো তারকারাও। সে সময় কসমস পরিচিত ছিল বিশ্বফুটবলের সবচেয়ে জমকালো ক্লাব হিসেবে। মাঝে বন্ধ হয়ে যাওয়া, আবার ফেরা—এমন ওঠানামার মধ্য দিয়ে যাওয়া ক্লাবটি সবশেষ পুনর্জন্ম নেয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, নিউ জার্সির প্যাটারসনে। এখন তারা খেলে ঐতিহাসিক হিঞ্চলিফ স্টেডিয়ামে, যেটি সংস্কার করা হয়েছে প্রায় ২৫ লাখ ডলার খরচ করে। ২০২৬ মৌসুমেই ইউএসএল লিগ ওয়ানে অভিষেক হয়েছে ক্লাবটির।
আলবার্টার এডমন্টনে জন্ম নেওয়া শমিতের বেড়ে ওঠা কানাডাতেই, তবে শিকড় সিলেটের বিশ্বনাথে। বাবা মানস সোম আর মা নন্দিতা সোম দুজনেই সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন কয়েক দশক আগে। ফুটবল ক্যারিয়ারের শুরুটা এফসি এডমন্টন দিয়ে, এরপর এমএলএসে সিএফ মন্ট্রিয়ল, তারপর ঘুরে-ফিরে আবার এডমন্টন হয়ে ক্যাভালরিতে। কানাডার হয়ে অনূর্ধ্ব-১৮, ২০ ও ২৩ দলে খেলার পাশাপাশি ২০২০ সালে সিনিয়র দলের হয়েও দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।

তবে শেকড়ের টান উপেক্ষা করতে পারেননি শমিত। ২০২৫ সালের মাঝামাঝি ফিফার অনুমোদন নিয়ে জাতীয়তা বদলে বাংলাদেশের হয়ে খেলার পথ খুলে নেন তিনি। এরপর জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হয় তার লাল-সবুজ জার্সিতে অভিষেক। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে করেন প্রথম আন্তর্জাতিক গোলও। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৮ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

কসমসের বর্তমান অবস্থা অবশ্য খুব একটা স্বস্তিদায়ক নয়। ১৮ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলের একদম নিচের দিকে তাদের অবস্থান। সাম্প্রতিক ফর্মও ভুগিয়েছে দলটিকে। এমন সময়েই দলে যোগ দিলেন শমিত, যাকে ঘিরে দলটির মাঝমাঠে অভিজ্ঞতা আর গভীরতা বাড়ানোর প্রত্যাশা করছেন সমর্থকেরা। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এভি আল্টা এফসির বিপক্ষে মাঠে নামবে কসমস, যে ম্যাচেই হয়তো নতুন জার্সিতে প্রথমবারের মতো দেখা যেতে পারে তাকে।