মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

রামিসা ধর্ষণ-হত্যা

মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

ফন্ট সাইজ:

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান ও মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শেষে রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মামলায় স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। মামলার বিচার শেষে অপরাধের গুরুত্ব ও পারিপার্শ্বিকতা বিবেচনায় দুজনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

রায় ঘোষণার পর দুই আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা হয়। সেখান থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। একই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে ডেথ রেফারেন্স। এখন ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে।