ভারতের মুম্বইয়ের ঘাটকোপার এলাকার একটি বস্তিতে ভূমিধসের মর্মান্তিক ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার থেকে পাঁচ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বৃহনম মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) মুম্বই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, ভোর ৩টা বেজে ৪৮ মিনিটে ঘাটকোপারের চিরাগ নগরের গাউসিয়া চাওলে এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি ঢালের একটি অংশ ধসে পড়ার ফলে বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
ঘটনার পর বিএমসি মেয়র ঋতু তাওদে এবং অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার অবিনাশ ঢাকনে ঘটনাস্থল পরিদর্শন করেন। ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান পেতে বিশেষ ‘ভিকটিম-ডিটেকশন ক্যামেরা’ ব্যবহার করা হচ্ছে। ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) গণেশ শিন্ডে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাটকোপার পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া আহত দুই তরুণ সোহেল আনসারি ও মোহাম্মদ আনসারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
