এসএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফন্ট সাইজ:

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি, পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা থেকেই সে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে নগরের কালা মিয়া বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহাল পূর্ব-বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিল। সে ওই এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে। নিহালের চাচা শাখাওয়াত জানান, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, নিহাল পাঁচটি বিষয়ে ফেল করেছে। এরপর রাতে সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমাতে যায়। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতর নিহালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা তাকে নিচে নামিয়ে আনেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের অগোচরে নিজ বাসায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।