ডাবল-এন্ট্রি ভিসার শর্ত লংঘন করে অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে দিল্লিতে আটক করা হয়েছে ৭ বাংলাদেশিকে। প্রতি সফরে তাদের ১৫ দিন করে অবস্থানের অনুমতি ছিল। কিন্তু সেই শর্ত লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে আরও বলা হয়, বিদেশি নাগরিকরা অভিবাসন নীতি লঙ্ঘন করছেন কিনা তা যাচাইয়ের এক অভিযানে তাদেরকে শনাক্ত করা হয়। পুলিশ বিভিন্ন হোটেল, গেস্ট হাউস ও বিদেশি নাগরিকরা থাকেন দিল্লির কেন্দ্রীয় অঞ্চলে এমন স্থানগুলোতে অভিযান চালায়। পুলিশ বলেছে, বাংলাদেশি কয়েকজন নাগরিক দিল্লিতে অবৈধভাবে অবস্থান করছেন এমন গোপন সূত্রের ভিত্তিতে তারা অভিযান চালায়। নাবি করিম এলাকা থেকে এই অভিযানে তারা প্রথমে আটক করে মোহাম্মদ নজরুল ইসলাম ফয়সাল (২৬) নামে এক বাংলাদেশিকে। জিজ্ঞাসাবাদে অন্য বাংলাদেশিদের উপস্থিতি সম্পর্কে তথ্য দেন তিনি।
এর ভিত্তিতে পুলিশ সারিতা বিহার ও মদনপুর খাদর এলাকায় কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করে। এরপর তাদের পাসপোর্ট, ভিসা ও ভ্রমণের সব ডকুমেন্ট যাচাই করে দেখা হয়। পুলিশ দেখতে পায় ডাবল-এন্ট্রি ভিসার অধীনে তারা ১৫ দিন অবস্থানের অনুমতি পেয়েছিলেন। কিন্তু সেই মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে তাদেরকে আটক করে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) উপস্থাপন করা হয়। সেখান থেকে তাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা হয় এবং দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়। সেখান থেকে তাদেরকে শাহজাদাবাগের সেওয়া ধামে বন্দি শিবিরে পাঠিয়ে দেয়া হয়। তবে তাদের বিরুদ্ধে আগে কোনো অপরাধী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।
