হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ফন্ট সাইজ:

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হোটেল, গুদামঘর ও বসতঘরসহ ৭টি ঘর পুড়ে অন্তত দুই কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাগরিয়া বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার সময় সাগরিয়া বাজার নকশিবাংলা রেস্টুরেন্টের চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের গুদামঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নকশিবাংলা রেস্টুরেন্ট, বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের বসতঘর পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর স্থানীয় ফখরুল ইসলাম ওরফে গাছ বেপারী ফখরুলের বলে জানা যায়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলেও জানানো হয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে।