শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪ নম্বর নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। ২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন। পাসের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর ২০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৩ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীসহ মোট ১৬ জন কর্মরত রয়েছেন। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালে ১৭ জনের মধ্যে ১০ জন, ২০২৩ সালে ১৯ জনের মধ্যে ৬ জন, ২০২৪ সালে ১৬ জনের মধ্যে ৬ জন এবং ২০২৫ সালে ২০ জনের মধ্যে ৭ জন পাস করে।
আর ২০২৬ সালে ২১ জনের মধ্যে পাস করেছে মাত্র একজন। এদিকে মাদ্রাসাটির সদ্য অবসরপ্রাপ্ত সুপার মো. হাফিজুল্লাহ জানান, ১৯৯০ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ৩৬ বছরেরও বেশি সময় ধরে পাঠদানের অনুমতি নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে। তবে এখনো এমপিওভুক্ত হয়নি। তিনি বলেন, আমি ২০২৫ সালের জুলাই মাসে অবসরে গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত একটি টাকাও পাইনি। প্রতিষ্ঠানে যারা বর্তমানে কর্মরত আছেন, তাদের অবস্থাটা আপনারাই বুঝতে পারবেন। ফলাফলের এমন অবনতিতে স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।
