ধুনটে তিন প্রতিষ্ঠানের পাস করেনি কেউ

ফন্ট সাইজ:

বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারী ২২ জন। চলতি বছরের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেনি কেউ। এ ছাড়া উপজেলার কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিচালনায় ১৬ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী রয়েছে। চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। তবে শেষপর্যন্ত পরীক্ষায় অংশ নেয় ১১ জন শিক্ষার্থী। তারা সকলেই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

এ খবরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। মাদ্রাসার সুপার আব্দুল হামিদ বলেন, পরীক্ষার এমন ফলাফল বিপর্যয়ে আমরা হতবাক হয়েছি। এর আগে কখনো এমন হয়নি। ২০২৪ ও ২০২৫ সালে মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আমরা অন্তত ৪ জন পরীক্ষার্থীর ফলাফল চ্যালেঞ্জ করবো’। এদিকে কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউ পাস করেনি। এমপিভুক্ত এ প্রতিষ্ঠানের কারিগরি শাখায় ৭ জন শিক্ষক রয়েছেন।

প্রতিষ্ঠানটির কারিগরি শাখার শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, আমরা অন্তত ৭০ ভাগ পাস এবং ৫-৬ জন শিক্ষার্থীর অত্যন্ত ভালো ফলাফল প্রত্যাশা করেছিলাম। এমন ফলাফলে আমরা হতাশ হয়েছি। অন্যদিকে হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফজলুল হক বলেন, কারিগরি শাখাটি এমপিওভুক্ত নয়। ছাত্র সংখ্যাও কম। শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানে অনিয়মিত থাকে। যার ফলে এমন ফলাফল হয়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন ৩টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।