ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকেও পূর্ণ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সামপ্রতিক কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছেন। তিনি দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে এবং সব ধরনের অধিকার নিশ্চিত করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’- বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার উপদেষ্টা। তিনি বলেন, সাকিব আল হাসান দেশে ফিরলে নিরাপত্তার সঙ্গে তার বিরুদ্ধে থাকা অভিযোগ মোকাবিলা করতে করতে পারবেন।
সাকিব আল হাসান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনো অ্যালাইন থাকেন। তিনি বলেন, আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেবো না, কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সাকিব আল হাসান বা শেখ হাসিনা- যিনিই হোন না কেন, সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই জাদুঘর উদ্বোধনের পর সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। শুরুতে দর্শনার্থীর অতিরিক্ত চাপের কারণে কিছু ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিলেও বর্তমানে সবাই শৃঙ্খলার সঙ্গে জাদুঘর পরিদর্শন করছেন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে মাসে একটি দিন স্কুল শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হবে। ওইদিন সরকারি উদ্যোগে বিশেষ করে উচ্চ শ্রেণির শিক্ষার্থীদের জুলাই জাদুঘরে নিয়ে যাওয়া হবে, যাতে তারা দেশের ইতিহাস ও গণ-অভ্যুত্থানের ঘটনাবলী সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে।
এ উদ্যোগ শুধু জুলাই জাদুঘরে সীমাবদ্ধ থাকবে না। জাতীয় জাদুঘরেও শিক্ষার্থীদের নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। তথ্য উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের যোগাযোগব্যবস্থা অনেক সময় প্রতিকূল থাকে। বিশেষ করে বর্ষা মৌসুম, ভূমিধস বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়। এ কারণে তিন পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে জরুরি পরিস্থিতিতে খাদ্য মজুত ও সরবরাহ আরও সহজ হবে এবং দুর্গম এলাকার মানুষ দ্রুত খাদ্য সহায়তা পাবেন। এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশের প্রসঙ্গ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় কমেছে। তবে সরকার এটিকে শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবেই দেখছে।
অতীতে শুধু পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষার প্রকৃত মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষামন্ত্রীও ফল প্রকাশের সময় একই বার্তা দিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
