সড়কে কালো ধোঁয়া বন্ধে কঠোর ডিএমপি, এক মাসে ৯১৫ মামলা

ফন্ট সাইজ:

রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ রোধ ও সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়।

ডিএমপি জানায়, ডিএমপি’র আটটি ট্রাফিক বিভাগের করা মামলার মধ্যে ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি, ট্রাফিক মতিঝিল বিভাগে ৩৫৪টি, ট্রাফিক লালবাগ বিভাগে ৪টি, ট্রাফিক ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৩১টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩৬টি, ট্রাফিক উত্তরা বিভাগে ১২৮টি এবং ট্রাফিক গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে। ডিএমপি’র এই কর্মকর্তা বলেন, পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।