রাজধানীর উত্তরা এলাকায় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রকাশ্য সড়কে পিস্তলের মুখে ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হলেও ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। গত ৯ই আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে পাম্পটির কর্মচারীকে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন। এই ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও পাম্প কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। প্রতিদিনের বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেয়া হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুইদিনের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রোববার সকালে পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন দুর্বৃত্ত তাদের কাভার্ডভ্যানের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা পিস্তলের মুখে তাদের জিম্মি করে এবং সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। পরে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়।
ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছি আমরা। শিগগিরই অপরাধীরা গ্রেপ্তার হবে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার সুযোগ নেই।
ডিএমপি’র উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিবি) ইলিয়াস কবির মানবজমিনকে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি আমরা। আমাদের একাধিক টিম কাজ করছে। শিগগিরই আমরা জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
