পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ড ৯২ রান হারায় আফগানিস্তান। এ জয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে দলটি। আফগানিস্তানের জয়ে লাভ হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি খেলা ৮ দলের একটি হওয়ার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। এমন প্রতিবেদনই করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা পাওয়া আটটি দল হলো- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।
অর্থাৎ মোট দশ দল ইতিমধ্যে ২০২৭ আসরের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আইসিসি’র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আটটি দল আয়োজক দুই দেশের সঙ্গে সরাসরি সুপার টুয়েলভ পর্বে জায়গা পাবে। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এ হিসাবনিকাশে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ধরা হয়নি। চলতি মাসের শেষদিকে এই সিরিজ বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে সরাসরি জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে সিরিজটি শেষ পর্যন্ত না হলে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আফগানিস্তানের জয়ে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে বাকি দু’টি ম্যাচ জিতলেও নির্ধারিত সময়ের মধ্যে সেরা আটে উঠে সরাসরি জায়গা করে নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব খেলেই মূল আসরে জায়গা করে নিতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটিকে।
এ নিয়ে তৃতীয়বারে মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এবার শুধু বাছাইপর্বে ভালো করলেই হবে না, বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার পথে আরও একটি ধাপ পেরোতে হতে পারে তাদের। ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বে মোট ১০টি দল অংশ নেয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মতো পূর্ণ সদস্য দেশের পাশাপাশি বিশ্বকাপ লীগ-২ থেকে চারটি দল এবং প্লে-অফ থেকে আরও চারটি দল বাছাইপর্বে জায়গা পাবে। বাছাইপর্বে চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। কিন্তু দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলকে খেলতে হবে ‘সুপার সিরিজ’। তিন দলের এই লড়াই থেকে সেরা দলটি পাবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের সামনে পথটি সহজ নয়। একাধিক ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে হবে তাদের। আয়ারল্যান্ডকেও একই পথ ধরতে হবে।
সরাসরি জায়গা পেতে হলে সিরিজে ৫-০ ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া এবং পরের দুই ম্যাচে হারের পর সেই সমীকরণ আর টেকেনি। ফলে দশ দলের বাছাইপর্ব খেলেই মূল আসরে জায়গা নিশ্চিত করতে হবে আইরিশদের। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর শুরু হবে আগামী ৪ঠা অক্টোবর, চলবে ২১শে নভেম্বর পর্যন্ত। বারো দলের এই আসরে আয়োজক দুই দেশ ও র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো সরাসরি সুপার টুয়েলভ পর্বে জায়গা পাবে। বাকি দলগুলোকে বাছাইপর্ব বাধা পেরিয়ে আসতে হবে।
