রাজশাহী স্টারকে চ্যাম্পিয়ন করতে চান বিমলা বিকে

রাজশাহী স্টারকে চ্যাম্পিয়ন করতে চান বিমলা বিকে

ফন্ট সাইজ:

ঘরোয়া নারী ফুটবল লীগের সবশেষ আসরে রাজশাহী স্টারসের হয়ে খেলেছেন নেপালের বিমলা বিকে। নিজের প্রথম আসরেই শিরোপা জিতেছেন এ ডিফেন্ডার। চেনা আঙিনায় আবারো ফিরেছেন বিমলা। লক্ষ্য রাজশাহী স্টারসের সাফল্য বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এশিয়ায় নিয়ে যাওয়া। গতকাল হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজশাহী স্টারস এফসি’র সহকারী কোচ ও টিম ম্যানেজার।
দেশের নারী ফুটবল ইতিহাসে এই প্রথমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লীগের মঞ্চে খেলবে বাংলাদেশের কোনো ক্লাব। প্রিলিমিনারি স্টেজের ড্র অনুযায়ী গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। আগামী ১৭ থেকে ২৩শে আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ। মেয়েদের ক্লাব পর্যায়ে এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ায় গর্বিত বিমলা। তিনি বলেন, ‘রাজশাহীর হয়ে দ্বিতীয়বার খেলতে আসলাম। সেজন্য আনন্দটা বেশি।

তবে এএফসি কাপে খেলবো, তাতে আমি আরও উৎসাহী হয়েছি। এশিয়ার মতো বড় মঞ্চে খেলাটা সত্যিই গর্বের। যেখানে রাজশাহী তথা বাংলাদেশ প্রথমবারের মতো খেলছে। সেই দলটার অংশীদার হতে পেরে আমি সত্যিই গর্বিত।’ টুর্নামেন্টকে সামনে রেখে ১৪ই আগস্ট পর্যন্ত ঢাকার কমলাপুর জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে রাজশাহী স্টারস। এ সময়ে ঢাকায় তিনদিন অনুশীলন করার সুযোগ পাবেন বিমলা। এ স্বল্প প্রস্তুতির মধ্যেই প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নেপালি ডিফেন্ডার বলেন, ‘আমরা প্রতিপক্ষকে মোটেও দুর্বল ভাবি না। তার মানে এই নয় যে, আমরা দুর্বল। আমরা প্রতিটি ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে চাই। সে জন্য আপনাদের সমর্থন চাই।’