দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টকে সামনে রেখে এখন ডারউইনে অবস্থান করছে টাইগাররা। এরই মাঝে স্বস্তির খবর বইছে বাংলাদেশ শিবিরে। চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্ট খেলতে না পারলেও ম্যাকাই টেস্টের ফিট শরীফুলকেই পাবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া থেকে গতকাল মানবজমিনকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাসার সুমন।
গত ১৪ই জুলাই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান শরীফুল। বিসিবি’র মেডিকেল বিভাগের পরীক্ষায় ‘গ্রেড-১’ মানের চোট ধরা পড়ে। অস্ট্রেলিয়া সফরের ঠিক আগমুহূর্তে শরীফুলের চোট বাংলাদেশ শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রায় একই সময়ে গ্রেড-২ মাত্রার পেশির চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে যান আরেক গতিতারকা নাহিদ রানা। দুই পেসারের সঙ্গে উইকেটরক্ষক লিটন দাসকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। তবে লিটনকে ঘিরে শঙ্কা কেটে গেছে। ডারউইন টেস্টে খেলতে পারেন ডানহাতি এ ব্যাটার।
বাংলাদেশ ছাড়ার আগে গত ২৯শে জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং অনুশীলন শুরু করেন শরীফুল। ধাপে ধাপে ওয়ার্কলোড বাড়িয়ে নিজেকে প্রস্তুত করে তোলেন। প্রথম টেস্টে খেলার মতো অবস্থায় না থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণ ছিলেন। গত ১০ই আগস্ট ফিটনেস টেস্টে উতরে যান এ বাঁহাতি পেসার। বিসিবি’র চিকিৎসকরা দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনার জন্য নির্বাচকদের সবুজ সংকেত দিয়েছেন। এ নিয়ে হাবিবুল বাসার বলেন, ‘আমরা ফিজিও ও ডাক্তারের কাছ থেকে রিপোর্ট পেয়েছি।
সে রিপোর্টের আলোকে বলতে পারি, সে (শরীফুল) সম্পূর্ণ ফিট। দ্বিতীয় টেস্টে মাঠে নামতে তার কোনো বাধা নেই।’ বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম নির্ভরযোগ্য মুখ শরীফুল ইসলাম। জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট খেলে ২৭ উইকেট নেয়া এই বাঁহাতি পেসার বল হাতে নতুন বলে সুইং ও গতির মিশেলে প্রতিপক্ষকে চাপে রাখতে সিদ্ধহস্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে ১৩ থেকে ১৭ই আগস্ট এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ থেকে ২৬শে আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। সেই ম্যাচ খেলতে দ্রুত অস্ট্রেলিয়ার বিমানে চড়বেন শরীফুল।
