অজি কন্ডিশনে প্রস্তুত বাংলাদেশ!

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে কাল ভোরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে প্রস্তুতি ম্যাচে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন খেলোয়াড়রা। নতুন আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে কঠিন পরিশ্রম করছে সফরকারীরা। অজিদের শক্তিশালী বোলিং ও ব্যাটিং লাইনআপের মুখোমুখি হতে মানসিকভাবে চাঙ্গা থাকার বিকল্প নেই। অনুশীলনের ফাঁকে দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার সংবাদমাধ্যমকে সার্বিক অগ্রগতি নিয়ে ইতিবাচক তথ্য জানান। আশিক বলেন, ‘আলহামদুলিল্লাহ্ আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। ক্রিকেট গোল বলের খেলা। মানসিক ও শারীরিক দু’ভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ অজিদের কন্ডিশন নিয়ে তিনি আরও জানান যে দলের ৯০ শতাংশ অ্যাডাপ্টিবিলিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

উইকেট ও আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার প্রক্রিয়া দারুণ গতিতে এগোচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টে হারের স্মৃতি ভুলে সামনে তাকানোর পরামর্শ দিয়েছেন আশিক। তিনি জানান, ‘অজিদের মাটিতে ৫ দিনের এই কঠিন লড়াইয়ে ব্যাটে ও বলে সেরা পারফরম্যান্স উপহার দিতে প্রস্তুত টাইগার শিবির। দীর্ঘ পরিসরের খেলায় ফিল্ডিংয়ের গুরুত্ব অনেক বেশি। অনুশীলনে সিøপ ক্যাচ, হাই ক্যাচ, ডিপ ফাইন লেগ ও স্কয়ার লেগের পাশাপাশি স্পিনের বিরুদ্ধে ক্লোজ ক্যাচিং নিয়ে নিবিড় কাজ চলছে। বিশেষ করে একাগ্রতা ধরে রেখে প্রতিটি সুযোগ কাজে লাগানোর তাগিদ দেয়া হচ্ছে।’ আশিক বলেন, ‘লঙ্গার ভার্সনে অনেকক্ষণ ধরে বল আসছে না, তবে হঠাৎ একটা আসে ওই একটাই ধরতে হয়। বিশেষ করে লঙ্গার ভার্সন ক্রিকেটে হাফ চান্সকে ফুল চান্স বানানো মূল লক্ষ্য।’ অন্যদিকে লিটন দাসের শারীরিক অবস্থা ও কিপিং মুভমেন্ট নিয়ে আশ্বস্ত করেছে ক্যাচিং সেশন।

প্র্যাকটিস ম্যাচে লিটনের ফিল্ডিং ও ক্যাচ ধরায় দলের ফিল্ডিং বিভাগ এখন বেশ উজ্জীবিত। অস্ট্রেলিয়ান স্কোয়াডে কামিন্স, স্টার্ক, হ্যাজলউড, স্মিথ ও ট্রাভিস হেডের মতো তারকা ক্রিকেটার থাকলেও তা নিয়ে বাড়তি চাপ নিচ্ছে না বাংলাদেশ। স্বাগতিকদের তারকাসমৃদ্ধ বোলিং ও ব্যাটিং শক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যক্তি নয়, বরং দল হিসেবে খেলার ছক কষছে টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের বিশ্বমানের তারকাদের নাম দেখে না ঘাবড়ে কুকাবুরা বলের চ্যালেঞ্জে মনোযোগী হচ্ছেন টাইগাররা। কামিন্সদের নাম নিয়ে আশিক পরিষ্কার জানান, ‘একচ্যুয়ালি খেলাটা হলো কুকাবুরা বলে। এখানে নামের কোনো পরিচয় নেই। আমাদের প্লেয়াররা অনেক এক্সপেরিয়েন্সড।’